কবিতা : আমি ও তুমি
আমি ও তুমি
সন্দীপ সাহু
তুমি ডাকলেই সমস্ত কুয়াশা
কেটে যায়! গোলাপ পাপড়ি
স্পষ্ট দেখতে পাই।
দেখতে পাই ভ্রোমরের পায়
জড়িয়ে থাকা ভালোবাসা রেণু!
স্পষ্ট দেখতে পাই, দিগন্তে
মাটি ও আকাশ চঞ্চুতে চঞ্চু রাখে!
শাদা বলাকাসারিতে শাদা
কবুতর নিজেকে যুক্ত না করে
পারে না ভালোবেসে।
প্রেমপত্রের ডাকহরকরার
কাজ এখনো করে চলে শাদা কবুতর!
আষাঢ়-মেঘও প্রেমিকার কাছে
প্রেম বয়ে নিয়ে যায়!
তোমার ডাকে সব স্পষ্ট ধরা দেয়!
তোমার ডাকই, শাদা কবুতর হয়ে,
আষাঢ়-মেঘ হয়ে তোমার
প্রেমকে, তোমাকে খুব কাছে আনে!
একেবারে নিঃশ্বাসে প্রশ্বাসে!
তোমার হৃদয়ে স্পর্শ রাখি! তুমিও!
তোমার ডাকে কুয়াশা কেটে যায়
স্পষ্ট হয়ে উঠি আমি ও তুমি!

Comments
Post a Comment