কবিতা : মায়াবতী
কবিতা
শিরোনাম: "ময়নামতী "
কলমচি: লিপি কুশলী ইন্দ্রনীল বসু, কবিরত্ন, সাহিত্য রত্ন
৩২আষাঢ়, ১৪২৮ || ১৭|০৭|২০২১
রূপবতী , ময়নামতী
কাল ময়নার ঘাট ,
যেমন ঠমক, তেমন চমক,
খুব ছিল ঠাট বাট !
থাকতো কোথায়, জানি না হায়,
হয়তো তোমার গ্রামে,
হয়তো তুমি চেনো তাকে,
অন্য কোনও নামে !
ঘরে কত বার ব্রত ,
নয়তো মন্দিরে --
তামাম নারী জাতির মতো
আসলে সে, বন্দী রে !
রূপবতী, ময়নামতী
চাঁদের রূপের হাট ,
রূপ যে তার নিয়তি হলো ,
কালকে তাহার ঘাট !
কলাগাছের গড়ন ছিল
দিঘীর মতো চোখ,
পদ্মবক্ষে ছিল মধু,
থমকে যেত লোক !
শহরেতে কেন গেল ?
সিনেমাতে নামবে --
লাশকাটা ঘরে এসে
সব পথ থামবে ?
জানতো না অভাগিনী
করেছিল বিশ্বাস,
পা ফাঁক ক'রে" তারা "
আটকালো নি:শ্বাস !!!
তারপরে সোজা চিৎ
লাশকাটা টেবিলে --
( জানি না তো, কে, কাকে
মোটা টাকা ঘুষ দিলে)!
"বর " তার "বর্বর "
আরো আছে কত " বউ " ,
গণ্য - মান্য- লোক বরেণ্য
ফুলে ফুলে, খায় মউ !
রূপবতী, ময়নামতী
সাঙ্গ রাজ্যপাট ,
হাজার খানেক লোক যে খাবে,
কাল, ময়নার ঘাট !!!

Comments
Post a Comment